প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাক প্রতিবন্ধী বিধবা নারীর আশ্রয়নের ঘর দখলে স্থানীয় প্রভাবশালী! 

মিলন শেখ:
গাজীপুর সদর উপজেলায় বাক প্রতিবন্ধী বিধবা এক নারীর নামে বরাদ্দকৃত আশ্রয়ন প্রকল্পের ঘর স্থানীয় প্রভাবশালী এক বিএনপি নেতার সহায়তায় অন্য পরিবারকে থাকার সুযোগ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ঘরবঞ্চিত ওই বিধবা নারী মানবেতর জীবনযাপন করছেন। বিষয়টি ঘিরে এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
সরকার গৃহহীন, অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসনের লক্ষ্যে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। কিন্তু সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের বর্তাপাড়া এলাকায় সেই প্রকল্পের ঘর নিয়ে হয়েছে অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্তাপাড়া আশ্রয়ন প্রকল্পের ১৭ নম্বর ঘরটি বরাদ্দ ছিল ফুলজানু (৩৫) নামে বাক প্রতিবন্ধী এক বিধবা নারীর নামে। তবে বর্তমানে সেখানে বসবাস করছেন ইউসুব আলী, তার ছেলে রবিনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
ইউসুব আলী জানান, তাদের কোনো জায়গা-জমি বা ঘরবাড়ি নেই। স্থানীয় বিএনপি নেতা সামাদ ব্যাপারি ফুলজানুর আত্মীয় কবির মাস্টারের মাধ্যমে তাদের এখানে থাকতে দিয়েছেন।
এ বিষয়ে ফুলজানুর ভাতিজা কবির মাস্টার বলেন, “আমি কাউকে ঘর দেইনি। বলেছিলাম, সরকার অনুমতি দিলে থাকুক। সামাদ ব্যাপারি কীভাবে থাকতে দিয়েছে, তা আমি জানি না।”
অভিযুক্ত গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সামাদ ব্যাপারি বলেন, “আমি কাউকে বের করে অন্য কাউকে থাকতে দিইনি। ঘরটি তিন বছর খালি ছিল, তাই মানবিক কারণে আশ্রয়হীন পরিবারকে থাকতে বলা হয়েছে। ফুলজানু ফিরে এলে তারা ঘর ছেড়ে দেবে।”
তবে স্থানীয়দের অভিযোগ, সামাদ ব্যাপারি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তি নিজের মতো করে ব্যবহার করছেন। বাক প্রতিবন্ধী ফুলজানু কথা বলতে পারেন না, স্বামী মারা যাওয়ার পর তিনি একাই জীবনযাপন করছিলেন। এখন ঘর হারিয়ে তিনি আশ্রয়হীন হয়ে পড়েছেন।
ফুলজানুর সঙ্গে কথা বলতে গেলে তিনি ইশারা করে জানান, “আমার ঘরে অন্য লোক থাকে, আমি ঢুকতে পারি না।”
স্থানীয়রা বলেন, “সরকার প্রতিবন্ধী ও অসহায়দের জন্য ঘর দিয়েছে। কিন্তু সেই ঘর কেড়ে নেওয়া অমানবিক। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এ ধরনের অনিয়ম আরও বাড়বে।”
গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন বলেন,
“একজনের বরাদ্দকৃত ঘর অন্যকে দেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
সাধারণ মানুষের দাবি, বাক প্রতিবন্ধী বিধবা ফুলজানুকে দ্রুত তার ঘর ফিরিয়ে দিতে হবে এবং ঘর দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়