প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর থেকে র‍্যাবের অভিযানে ঢাকা'র মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ রিপন হাওলাদার:

রাজধানীর কদমতলী থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফারুক হোসেন (৩৭) কে ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন হেলিপোর্ট বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৩ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০, কেরানীগঞ্জের একটি বিশেষ আভিযানিক দল ৯ নভেম্বর দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করে ফারুক হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ফারুক হোসেন ফরিদপুর সদর উপজেলার মালী গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন স্থানে উচ্চমূল্যে বিক্রি করতেন। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে কার্যক্রম পরিচালনা করতেন বলে স্বীকার করেছেন।

২০১৭ সালে তার বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় একটি মাদক মামলা দায়ের হয়। পরে মামলার বিচার শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩, ঢাকা কর্তৃক তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় হয় এবং আদালত থেকে ওয়ারেন্ট জারি করা হয়। রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

র‍্যাব জানায়, আসামির অবস্থান শনাক্ত হওয়ার পর র‍্যাব-৩ তথ্য আদানপ্রদান করে র‍্যাব-১০ এর সঙ্গে, এবং যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


সরে/আর/এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়