শিপন পাটোয়ারী, রায়পুর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারে যানজট এখন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। প্রধান সড়কের দুই পাশে অটোরিকশা, সিএনজি ও মালবাহী ট্রাকের এলোমেলো পার্কিংয়ে বাজার এলাকায় দিনভর তীব্র যানজট লেগে থাকে। এতে সাধারণ পথচারী ও ক্রেতা-বিক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, বাজারে কোনো সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা নেই। ফলে চালকরা যত্রতত্র যানবাহন রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এর ফলে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী যানবাহনও আটকে পড়ে, যা অনেক সময় বড় ধরনের জটিলতার কারণ হয়।
বাজারের ব্যবসায়ীরা জানান, যানজটের কারণে ক্রয়-বিক্রয় কার্যক্রমে বাধা সৃষ্টি হয় এবং ব্যবসার পরিবেশ নষ্ট হচ্ছে। বাজার কমিটি না থাকায় যানজট নিরসনে কেউ দায়িত্ব নিচ্ছে না বলে অভিযোগ তাদের।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বাজারে শৃঙ্খলাপূর্ণ যানবাহন চলাচল নিশ্চিত হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি কমে।