নিজস্ব প্রতিবেদন
চট্টগ্রামের একটি শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) অডিট, একাউন্টস, ফিন্যান্স ম্যানেজার জনাব ফনী ভূষণ বাড়ই-এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ তাঁকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সূত্র জানায়, জনাব ফনী ভূষণ বাড়ই ইন্টারনাল অডিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন বিভাগের ম্যানেজারদের কাছ থেকে “হাওলাত” (ধার) হিসেবে অর্থ গ্রহণ করেন এবং পরবর্তীতে তা ফেরত না দিয়ে “ভুয়া ঋণ” (ফেইক লোন) হিসাবে আদায়ের হিসাব দেখান। এতে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং অডিট নীতিমালা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়।
অভিযোগ রয়েছে, তিনি নিজের নিয়োগপ্রাপ্ত ও অনুগত কর্মীদের বাইরে অন্য কাউকে দায়িত্ব পালনে বাধা দেন এবং বিভিন্ন কর্মকর্তাকে অযৌক্তিক অডিটের মাধ্যমে চাকরিচ্যুত করার চেষ্টা করেন। নির্বাহী পরিচালকের ওপরও প্রভাব বিস্তার করে প্রতিষ্ঠানটির নীতি ও সিদ্ধান্ত গ্রহণে একক আধিপত্য প্রতিষ্ঠার অভিযোগ রয়েছে। নির্বাহী পরিচালকের নিকটস্থ বা বিশ্বস্ত কেউ থাকলে, তাঁদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে অডিটের মাধ্যমে হয়রানির ঘটনাও ঘটে বলে জানা গেছে।
প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গঠিত তদন্ত কমিটি ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং বিষয়টি স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রমাণ-নির্ভরভাবে যাচাই করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।