সিরাজুল ইসলাম
জেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী সুহিলপুর বাজারের তাফসির মাঠে অনুষ্ঠিত হলো ৪৪তম ঐতিহাসিক তাফসির মাহফিল।
বহু বছর ধারাবাহিকভাবে আয়োজিত এ মাহফিলটি এখন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এলাকার ঈমানি চেতনা ও ইসলামী সংস্কৃতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
মাহফিলে দেশবরেণ্য আলেম-ওলামা ও প্রখ্যাত ইসলামী বক্তারা অংশগ্রহণ করে কুরআন-হাদীসের আলোকে জীবনঘনিষ্ঠ নানা বিষয়ের ব্যাখ্যা ও তাফসির পেশ করেন। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা এ মাহফিলে আশপাশের জেলা থেকেও হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
১৫ দিন ব্যাপি তাফসীর মাহফিলের শেষ দিনে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি ও বিশ্ব মানবতার মুক্তির জন্য দোয়া করা হয়। মোনাজাতে অংশ নিয়ে উপস্থিত মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়েন।
স্থানীয় আয়োজক কমিটির সদস্যরা জানান, “এই মাহফিল আমাদের এলাকার মানুষের ধর্মীয় প্রেরণা ও ঐক্যের বন্ধন হিসেবে কাজ করে আসছে দীর্ঘ চার দশক ধরে।
ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মাহফিলকে ঘিরে পুরো সুহিলপুর এলাকা যেন এক ধর্মীয় উৎসবে পরিণত হয়েছিল। নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ সবাই মিলেমিশে অংশ নিয়েছেন এই আলোকিত আয়োজনের অংশীদার হয়ে।
আখেরী মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সম্মানিত মহাসচিব, জামিয়া ইসলামীয়া ইউনুসিয়া মাদরাসার মুহাদ্দিস ও দারুল আরকাম আল ইসলামীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মহা পরিচালক আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব।