প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ১২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার তিন বছরের কন্যার মর্মান্তিক মৃত্যু

জান্নাতুল বাকী রিপোর্টার শেরপুর 

শেরপুরে সড়ক দুর্ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়ার তিন বছরের কন্যা আয়রা মনি নিহত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে শেরপুর পৌরসভার নওহাটা খোয়ারপাড়-জেলখানা মোড় সড়কের বিসিক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে প্রকৌশলী লিখন মিয়ার স্ত্রী মনিমালা নওহাটার ভাড়া বাসা থেকে রাস্তার পাশে থাকা ডাস্টবিনে ময়লা ফেলতে যান। এ সময় তাঁর অজান্তে শিশু কন্যা আয়রা মনি পিছু পিছু রাস্তায় চলে যায়। হঠাৎ বিপরীতমুখী সিএনজি ও মাইক্রোবাসের মাঝে পড়ে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় শিশুটি। দুর্ঘটনার পর গাড়ি দুটি দ্রুত পালিয়ে যায়, ফলে সেগুলো সনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আয়রা মনিকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

শিশু আয়রার মৃত্যুতে পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার রাত ১০টায় সদর উপজেলার আন্ধারিয়া সুতিরপাড় গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়