প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ১১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালিতে জনস্রোত

মোঃ এমদাদুল হক

ব্যুরো প্রধান, কুষ্টিয়া

কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে জনস্রোত সৃষ্টি হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক এন.এস. রোড প্রদক্ষিণ করে বড়বাজার রেলগেটে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া-২ আসনের প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী।

ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে র‍্যালিতে অংশগ্রহণকারীরা “গণতন্ত্র পুনরুদ্ধার”, “দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি” এবং “তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের” স্লোগান দিতে দিতে শহরমুখী জনস্রোতে পরিণত হন। র‍্যালি চলাকালে পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,“৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় দিন। এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বার্থ রক্ষায় ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন।”

বক্তারা আরও বলেন,“বর্তমান সরকারের দমন-পীড়নের মধ্যেও জনগণ আজ পরিবর্তনের প্রত্যাশায় বিএনপির পতাকাতলে সমবেত হচ্ছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের সেই সাহস ও প্রেরণার উৎস, যা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন উদ্যম যোগায়।”

র‍্যালি ও সমাবেশে অংশ নেওয়া নেতা-কর্মীরা জানান,তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছেন এবং ভবিষ্যতেও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়