মো. সোহেল গাজী (বাউফল)
পটুয়াখালীর বাউফলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৭ নভেম্বর “সিপাহী–জনতার বিপ্লব ও সংহতির দিবস”। দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি বাউফল হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সহদপ্তর সম্পাদক মুনির হোসেন। তিনি বলেন, “৭ নভেম্বর সিপাহী–জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার এক স্মরণীয় অধ্যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে জাতি স্থিতিশীলতা ফিরে পেয়েছিল।”
তিনি আরও বলেন, “আমি যদি বাউফলের এমপি পদে বিএনপির মনোনয়ন পাই, তবে বাউফলের মানুষের সুখে–দুঃখে পাশে থেকে কাজ করবো।”
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় নেতারা জানান, প্রতিবছরের মতো এবারও দিনটি উপলক্ষে বাউফলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন।