রাকিব ইদ্রিস
রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড় কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার এ কর্মসূচিতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এম কফিল উদ্দিন বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই কর্মসূচিই হবে দেশ পুনর্গঠনের ভিত্তি।”
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমি ঢাকা-১৮ আসনের স্থানীয় বাসিন্দা ও এই এলাকার আদিবাসী। চার দশকেরও বেশি সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছি। আমার বিরুদ্ধে ১৫০টিরও বেশি মামলা হয়েছে এবং বিগত ফ্যাসিস্ট সরকার আমাকে ২০ বছরের সাজা দিয়েছিল। তবুও আমি জনগণের পাশে ছিলাম ও থাকব।”
এম কফিল উদ্দিন আশা প্রকাশ করেন যে, দলের প্রতি ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় নেতৃত্ব তাকে ঢাকা-১৮ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেবে, যাতে তিনি এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে পারেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। তারা ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে জনগণকে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।