প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৭ জন গ্রেপ্তার: অপপ্রচার নিয়ে সেনাবাহিনীর সতর্কতা

মিলন শেখ :

গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জামসহ সাতজনকে আটক করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ বিষয়ে সতর্ক করে এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বাহিনী।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরের ধান গবেষণা ইনস্টিটিউটে অস্থায়ী সেনা ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. লুৎফুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৬ নভেম্বর সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুলিশ ও র‌্যাবের সহযোগিতায় শ্রীপুরের বরমী এলাকায় সন্ত্রাসী এনামুল হক মোল্লাকে গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে যৌথ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এনামুল ও তার ছয় সহযোগীকে তারই বাড়ির পানির ট্যাংকের ভেতর থেকে আটক করা হয়।
অভিযানে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, দুটি ইলেকট্রিক শক মেশিন, চারটি ওয়াকিটকি এবং দুটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান বলেন, “অভিযানের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু স্বার্থান্বেষী মহল মিথ্যা তথ্য ছড়াচ্ছে। যেমন বলা হচ্ছে, অভিযানের সময় ব্যক্তিগত মালামাল খোয়া গেছে। এসব বানোয়াট তথ্য সন্ত্রাসীদের পক্ষে জনমত তৈরি করার অপচেষ্টা।”
তিনি আরও বলেন, “যারা অপপ্রচার চালাচ্ছে তাদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ মিললে আইনের আওতায় আনা হবে।”
এলাকাবাসীর সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের পক্ষে কাজ করে না। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সহায়তা করতেই আমাদের এই অভিযান।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়