ভোলা প্রতিনিধি: মনির হোসেন বিল্লাহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নকে এক বিশাল গণসংবর্ধনা দিয়েছে চরফ্যাশনবাসী। শুক্রবার বিকেলে চরফ্যাশন সদর রোডে আয়োজিত এ গণসংবর্ধনা জনসমুদ্রে পরিণত হয়।
চরফ্যাশন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার-ফেস্টুন হাতে মিছিল সহকারে সদর রোডে সমবেত হন। “তারেক রহমানের নেতৃত্বে দেশের মুক্তি আন্দোলনে নয়নের জয় হোক”— এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। পাশের হার বাড়লেও শিক্ষার মান নষ্ট হয়েছে। তিনি কঠোরভাবে বলেন, “মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কেউ মাদক নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা করলে তার জন্য রয়েছে দুঃসংবাদ।” নয়ন জানান, শুধু চরফ্যাশন নয়, ভোলা জেলার চারটি আসনেই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, চরফ্যাশন-মনপুরার মানুষ চিকিৎসা সেবায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তিনি স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন। নয়ন বলেন, “ভোলা জেলায় আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করব, যাতে ঢাকায় গিয়ে আর কাউকে চিকিৎসার জন্য কষ্ট পেতে না হয়।”
নুরুল ইসলাম নয়ন আরও বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমি আপনাদের সঙ্গে আছি, থাকব। এই আসনে গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে বিএনপির বিজয় হবেই।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “তারেক রহমান যে মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখেন, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ হবে একটি মানবিক রাষ্ট্র, যেখানে সবাই সমানভাবে নিরাপদ থাকবে— সে তিনি বিএনপির নেতা হোন বা অন্য দলের।”
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ভোলা জেলার শীর্ষস্থানীয় দলীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নুরুল ইসলাম নয়নের প্রার্থিতা শুধু একজন ব্যক্তির নয়, বরং এটি চরফ্যাশন-মনপুরাবাসীর আশা ও আকাঙ্ক্ষার প্রতীক।