মোঃ রাকিবুল ইসলাম
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে জামায়াত মনোনীত দলীয় প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ । বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হওয়া শোডাউনে শত শত মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা অংশ নেন।
শোভাযাত্রাটি পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পথসভায় মুহাম্মদ নুরুজ্জামান লিটন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি উন্নয়নমুখী রাজনীতি, স্বচ্ছতা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক প্রশাসন গঠনের অঙ্গীকার তুলে ধরেন এবং নির্বাচনে জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্ব আরোপ করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম ও মাওলানা আহমদ উল্লাহ, পুঠিয়া উপজেলা আমির ও সেক্রেটারি যথাক্রমে মাওলানা মনজুর রহমান ও অধ্যাপক মনসুরুল হক মন্টু, দুর্গাপুর উপজেলা আমির ও সেক্রেটারি যথাক্রমে মাস্টার সাইফুল ইসলাম ও মাস্টার শামীম উদ্দিন। এছাড়া পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা আমির-সেক্রেটারি, ছাত্রশিবির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
স্থানীয় জনসাধারণের মধ্যেও শোভাযাত্রাটি উল্লেখযোগ্য সাড়া ফেলে।