কাতিক ঘোষ ঃ
ধামরাইয়ের বিশিষ্ট যুবদল নেতা ও শিক্ষক এস. এম. লুৎফর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) রাতে ধামরাই পৌর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা শিক্ষক নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এস. এম. লুৎফর রহমান। নির্বাচনের দিন প্রতিদ্বন্দ্বী পক্ষের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনি আহত হন। পরে ঐ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে আসামি করা হয়। সেই মামলার ভিত্তিতেই বুধবার রাতে ধামরাই থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ সূত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, এস. এম. লুৎফর রহমান একজন জনপ্রিয় শিক্ষক ও সমাজসেবক। তিনি দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার গ্রেফতারের ঘটনায় স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।