প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিটফোর্ডে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৯০ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ

রিপন হাওলাদার:

রাজধানীর মিটফোর্ড এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নকল, ভেজাল ও অনুমোদনবিহীন ওষুধ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ জব্দ করা হয়েছে।

র‌্যাব সদর দপ্তরের আইন কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মো. আবু হাসানের নেতৃত্বে এবং র‌্যাব-১০-এর সহযোগিতায় শনিবার (১০ নভেম্বর ২০২৫) ডিএমপি, ঢাকার কোতোয়ালী থানাধীন মিটফোর্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিএসটিআই অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির প্রমাণ মেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী বিশ্বজিৎকে ৫০ হাজার, আবুল কাশেমকে ৩০ হাজার এবং কিশোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে—উক্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে খেলছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযান শেষে র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন,

> “জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় র‌্যাব নিয়মিত এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে র‌্যাব ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”

 

র‌্যাব সূত্রে জানা যায়, সাধারণ মানুষকে নকল ওষুধ ব্যবসায়ীদের বিষয়ে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিয়ে র‌্যাবকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়