মোঃ ইব্রাহিম হোসেনঃ
রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ ১১ নভেম্বর ২০২৫ রোজ সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটলেও, এতে কেউ হতাহত হননি। তবে বিকট শব্দে বিস্ফোরণের ফলে এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ৭টা ১০ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে চড়ে আসা দুই আরোহী আকস্মিকভাবে বাড়ি নং ৬/৮, স্যার সৈয়দ রোডে অবস্থিত ফরিদা আক্তারের ‘প্রবর্তনা’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
দুষ্কৃতকারীরা প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি এবং রাস্তার ওপর আরেকটিসহ মোট দুটি ককটেল নিক্ষেপ করে। নিক্ষিপ্ত ককটেল দুটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর প্রতিষ্ঠানের কেয়ারটেকার এবং আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, "সকালের দিকে গলির ভেতরে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছি এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।"
পুলিশ ঘটনার পেছনের কারণ এবং হামলাকারীদের চিহ্নিত করার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।