সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার
আইন নিজের হাতে তুলে নেয়ার চেষ্টা করলে তা কোনভাবেই বরদাশত করা হবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২০ মে) রাতে এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয় ডিএমপি।
এর আগে রাজধানীর ধানমন্ডিতে হাক্কানী পাবলিশার্সের মালিকের বাসায় ঢোকার চেষ্টায় আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়। এরপরই ডিএমপি থেকে এ বিবৃতি দেয়া হয়।
এতে বলা হয়েছে, সোমবার (১৯ মে) রাত ৩টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ রাজধানীর ধানমন্ডি থানায় সংবাদ আসে যে, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কতিপয় ব্যক্তি বাড়ির গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে। ওই সংবাদ প্রাপ্তির পর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে ১৫ থেকে ২০ জন লোক অবস্থান করছিলো এবং তারা বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছিলো। এ সময় পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে, কিন্তু তারা উত্তেজিত ও মারমুখী আচরণ করে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মো. গোলাম মোস্তফা নামক এক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করে ওই ব্যক্তিরা। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থল হতে তিনজনকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ভবিষ্যতে এ ধরনের কোন বে-আইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তাদেরকে মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
আইন নিজের হাতে তুলে নেয়া থেকে বিরত থাকার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে সংশ্লিষ্ট সকলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুনরায় অনুরোধ করা হলো।
এছাড়া, কোন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে অহেতুক হয়রানি করলে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলে বিষয়টি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় অবহিত করার জন্য অনুরোধ করা হলো। ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে তা কোনভাবেই বরদাশত করা হবে না।